
স্পোটিং গিয়নের দুরন্ত জয়ে মাইলস্টোনে মেসি! বুধবার গিয়নকে ৩-১ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষ স্থান ধরে রাখল বার্সেলোনা৷ আর জোড়া গোল করে লা লিগায় তিন শ' গোলের নজির গড়লেন লিওনেল মেসি৷ বার্সার হয়ে অন্য গোলটি করেন লুইস সুয়ারেজ৷
২৫তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বল নিয়ে আড়াআড়ি দৌড়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে বাঁ পোস্ট দিয়ে বল জালে জড়ান বার্সেলোনার এই ম্যাচের অধিনায়ক। আর এর মাধ্যমে লা লিগার প্রথম খেলোয়াড় হিসেবে ৩০০ গোলের মাইলফলকে পৌঁছন মেসি।
দুই মিনিটের মধ্যেই অবশ্য সমতা ফেরায় স্পোটিং। প্রতি-আক্রমণে মেনেনদেসের দুর্দান্ত নিচু ক্রসে শুয়ে পড়ে পা লাগিয়ে গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোকে ফাঁকি দেন কার্লোস কাস্ত্রো।
বার্সার আবারও এগিয়ে যেতে সময় লাগেনি। ৩১তম মিনিটে ডি-বক্সে সুয়ারেজকে বল বাড়ান মেসি। এক ডিফেন্ডারের সঙ্গে লড়াই করে বল দখলে রেখে তা ফেরত পাঠাতেই বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে জালে জড়িয়ে দেন আর্জেন্টিনা অধিনায়ক। এটা নিয়ে লা লিগায় মেসির গোল হলো ১৫টি।
দুই মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ানোর চমৎকার সুযোগটা নষ্ট হয় বার্সেলোনার। সুয়ারেসের নীচু ক্রসে মেসির শট ঠেকান গোলরক্ষক। বল পেয়ে নেইমারের নেওয়া উঁচু মাপা শট ডান পোস্টে লেগে ফিরে।
প্রথমার্ধে বলের ৮০ শতাংশ দখলে রাখা বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালায়। গোল হজম করা ঠেকাতে বেশিরভাগ সময়ই নিজেদের অর্ধে থাকে স্বাগতিক খেলোয়াড়রা। এরই মধ্যে ৫৫তম মিনিটে আসে দ্বিতীয়ার্ধের প্রথম সুযোগটি। কিন্তু মেসির উঁচু করে বাড়ানো বল এগিয়ে আসা গোলরক্ষকের মাথার উপর দিয়ে ঠিক মতো মারতে পারেননি সুয়ারেজ। নেইমারের বাইসাইকেল কিকেও বল লক্ষ্যে থাকেনি।
৬২তম মিনিটে পেনাল্টি থেকেও ব্যবধান বাড়াতে পারেননি সুয়ারেস। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দেন গোলরক্ষক। নেইমারকে গোলরক্ষক ফেলে দেয়ায় পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। তবে রিপ্লেতে দেখা গেছে, মাটিতে পরার জন্য যেন তৈরি হয়েই ছিলেন ব্রাজিল অধিনায়ক। একটু দূর থেকে রেফারির তা ভালোমতো দেখার উপায়ও ছিল না।
২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আটলেটিকোর চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৩।