টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে চতুর্থ হ্যাটট্রিক দেখলো ক্রিকেট বিশ্ব। ভারতের বিপক্ষে হ্যাটট্রিক করলেন শ্রীলঙ্কার পেসার থিসারা পেরেরা। ব্রেট লি, জ্যাকব ওরাম আর টিম সাউদির পর এটা আন্তর্জাতিক টি-টোয়েন্টির মাত্র চতুর্থ হ্যাটট্রিক।
শুক্রবার রাঞ্চির মাঠে ইনিংসের ১৯ তম ওভারের চতুর্থ ওভারে হার্দিক পান্ডেকে দানুশকার ক্যাচ বানিয়ে হ্যাটট্রিকের সূচনা করেন পেরেরা। এরপরের বলে সুরেশ রায়নাকেও ফিরিয়ে দেন এই লঙ্কান পেসার। ওভারের শেষ বল মোকাবেলা করতে আসেন যুবরাজ সিং।
কিন্তু তাকেও সাজঘরে পাঠান এই লংকান পেসার। সেই সাথে নাম লেখান ইতিহাসের পাতায়। যেখানে আছেন ব্রেট লি, জ্যাকব ওরাম ও টিম সাউদি।
টি-টোয়েন্টিকে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। এবং সেই কীর্তি গড়েছিলেন বাংলাদেশের বিপক্ষেই। পরপর তিন বলে আউট করেছিলেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এবং অলক কাপালিকে।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে পেরেরার এটাই একমাত্র হ্যাটট্রিক না। শ্রীলংকার মাটিতে ২০১২ সালে পাকিস্তানের সাথে সিরিজের চতুর্থ ওয়ানডেতেও হ্যাটট্রিক করেছিলেন তিনি।