চলমান বিপিএলের পয়েন্ট তালিকার তলানিতে আছে মুশফিকুর রহিমের সিলেট সুপার স্টারস। ছয় ম্যাচে মাত্র একটি জয়। বাংলাদেশের এই ঘরোয়া টি২০ টুর্নামেন্টের শেষ চারে উঠার লড়াই থেকে প্রায় ছিটকে পড়েছে। তবুও সেরা চারে ওঠার স্বপ্ন দেখছে মুশফিকের দল সিলেট।
আর এই অসাধ্য স্বপ্ন-পূরণ করতে হলে সিলেটের অবশিষ্ট চারটি ম্যাচই জিততে হবে। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েও আশা ছাড়ছে না তারা। সিলেট সুপার স্টারসের বিদেশি ক্রিকেটার জসুয়া কব এমন স্বপ্নের কথাই শোনালেন।
শনিবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সিলেটের এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘কঠিন সমীকরণের সামনে আমরা। প্রতিটি ম্যাচই জিততে হবে আমাদের। এ কাজটা যদিও কঠিন, তাই বলে অসম্ভব নয়। শহীদ আফ্রিদি, সোহেল তানভির যোগ হওয়ায় আমাদের দলের শক্তি অনেকাংশে বেড়েছে। এটাই আমাদের আরো আশাবাদী করে তুলেছে।’
পয়েন্ট টেবিলে সবার নীচে থাকলেও সিলেটকে বাজেভাবে হারতে হয়েছে খুব কমই ম্যাচে। দুভার্গ্যজনকভাবে দুটি ম্যাচে হারতে হয়েছে তাদের মাত্র এক রানে। আর একটিতে ৬ রানে। ক্লোজ ম্যাচগুলোতে হারের বিষয়ে জসুয়া কব বলেন, ‘এটা অবশই আমাদের দুর্ভাগ্য বলতে হবে। দুটি ম্যাচই আমরা মাত্র এক রানের ব্যবধানে হেরেছি। যদিও আমাদের দলটা খুবই ভালো হয়েছে, তারপরও ক্রমাগত আমরা ম্যাচ হারছি। বলতে পারেন এটা অবশ্যই দুর্ভাগ্যজনক। ভাগ্য আমাদের পক্ষে থাকছে না।’
