স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে ঢাকা ডাইনামাইটস। টপঅর্ডারদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভার শেষে ১২২ রানের সাদামাটা টার্গেট দেয় সাঙ্গাকারার ঢাকা ডাইনামাইটস। ঢাকা ডাইনামাইটসের হয়ে ওপেনিংয়ে নামেন দেশীয় খেলোয়াড় সৈকত আলী ও স্পিনার ইয়াসির শাহ্। আর তাতে চমকে যায় গ্যালারি ভর্তি দর্শক থেকে শুরু করে প্রতিপক্ষ দল। সবার মনে তখন একটাই প্রশ্নের দেখা মেলে কিভাবে ৯ নাম্বার থেকে সরাসারি ওপেনিংয়ে নামলেন ইয়াসির। ইয়াসির শাহ্ সাধারণত জাতীয় দলে নয় অথবা দশে ব্যাটিংয়ে নেমে থাকেন। তাছাড়া, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের এক ম্যাচে ৩২ রানের এক ইনিংস ছাড়া ব্যাট হাতে তিনি খুব একটা করেননি আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত। যদিও সেই চমক কাজে দেয়নি দলকে ভালো স্কোর দাঁড় করাতে। তৃতীয় ওভারে ব্যক্তিগত দশ রানের মাথায় আসিফ হাসানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ইয়াসির। আর এটাই বিপিএল ইতিহাসে প্রথমবারের মত ঘটেছে।
