অবশেষে দেখা মিলল গেইল ঝড়ের



ঢাকা: টি২০ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস্টোফার হেনরি গেইল। বাংলাদেশে আসার আগেই সেঞ্চুরি করার আগাম হুমকি দিয়ে রেখেছিলেন ৩৬ বছর বয়সী জ্যামাইকান এই বাঁহাতি হার্ডহিটার ওপেনার।

আর বিপিএল মানেই ক্রিস গেইলের সেঞ্চুরি। তবে চলমান বিপিএলের প্রথম দুটি ম্যাচে সেভাবে ক্যারিবীয় এই বাঁহাতি ওপেনারের ব্যাট কথা বলেনি। দুটি ম্যাচেই আট রানের বৃত্তে বন্দী ছিলেন তিনি। কিন্তু বুধবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে স্বরুপে ফিরলেন গেইল। যদিও প্রথম দিকে উইকেটে থিতু হওয়ার দিকেই বেশি মনোযোগী ছিলেন জ্যামাইকান এই বাঁহাতি ব্যাটিং দানব।

এরপর খোলস ছেড়ে বের হয়ে আসলেন ক্রিস গেইল। নিজের ব্যাটটিকে তলোয়ার বানিয়ে প্রতিপক্ষের বোলারদের নির্দয়ভাবে শাসন করলেন ক্যারিবীয় এই বাঁহাতি ব্যাটসম্যান। চিটাগং ভাইকিংসের তাসকিনের বলে মিড উইকেট দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে কাঙ্খিত হাফ সেঞ্চুরিতে পৌঁছালেন গেইল। এদিন মাত্র ৩৬ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।

শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৭ বলে ৯২ রান করে। ঝড়ো ইনিংসে তিনি ছক্কা হাঁকিয়েছেন নয়টি, চার ছয়টি। তার টর্নেডো ইনিংসের পর ভর করে বরিশাল বুলস ৮ উইকেটে পরাজিত করে আগেই বিদায় নেয়া চিটাগং ভাইকিংসকে।

সমগ্র বাংলাদেশ

আন্তর্জাতিক

এক্সক্লুসিভ